নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সরকারকে বিব্রত ও দেশের স্থিতিশীলতা নষ্ট করতে ষড়যন্ত্র চলছে : সাখাওয়াত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৫১, ৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫২, ৪ নভেম্বর ২০২৬

সরকারকে বিব্রত ও দেশের স্থিতিশীলতা নষ্ট করতে ষড়যন্ত্র চলছে : সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতেন।

একইভাবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও নিজেকে শ্রমিক হিসেবে পরিচয় দেন। তিনি একজন মানবিক প্রধানমন্ত্রী। দেশের সব শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি শ্রমিকদের জীবনমান উন্নয়ন নিয়েও তিনি চিন্তা করেন। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে সরকার মজুরি বোর্ড গঠন করেছে।

মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও সরকারের প্রতিনিধিদের সমন্বয়ে আলোচনার মাধ্যমে এমন সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে শ্রমিকদের আশা-আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি গার্মেন্টস শিল্প ও দেশের ব্যবসা-বাণিজ্যও টিকে থাকে।

‎‎বুধবার (৪ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের আদমজীতে আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎‎সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা একটি শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ চাই। শ্রমিকদের কোনো দোষ নেই। একটি গোষ্ঠী ও ফ্যাসিস্ট সরকারের দোসররা শ্রমিকদের উসকে দিয়ে নারায়ণগঞ্জের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে।

আমরা তা হতে দিতে পারি না। আর কোনো ফ্যাসিস্টকে বরদাস্ত করা হবে না। যারা দেশের বিরুদ্ধে এবং মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের চিহ্নিত করতে হবে।

‎তিনি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িতদের তথ্য ও তালিকা তৈরি করে তার কাছে দিতে হবে। এসব অভিযোগ যাচাই-বাছাই করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

‎‎তিনি আরও বলেন, দেশের মানুষ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানকে রাষ্ট্রীয় দায়িত্ব দিয়েছে। তিনি স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। কিন্তু সরকারকে বিব্রত ও দেশের স্থিতিশীলতা নষ্ট করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

‎‎শ্রমিকদের উদ্দেশে সাখাওয়াত বলেন, আমরা শ্রমিকদের পাশে আছি। আমরা চাই, শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাক, তিন বেলা ভালোভাবে খেয়ে বেঁচে থাকুক এবং তাদের সন্তানরা লেখাপড়া করে একটি উন্নত জাতি গঠনে ভূমিকা রাখুক।

শ্রমিকদের সেই সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই সরকার মজুরি কমিশন গঠন করেছে। শ্রমিকরা নিজেরা অস্থিতিশীলতা সৃষ্টি করে না; বরং শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে একটি পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

‎‎গার্মেন্টস শিল্পের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত তৈরি পোশাকশিল্প। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে দেশে এ শিল্পের বিকাশ শুরু হয়। একসময় শ্রীলঙ্কার পোশাকশিল্পে অস্থিরতা ও ভাঙচুরের কারণে সেখানকার উদ্যোক্তারা বাংলাদেশে আসেন। পরবর্তী সময়ে বাংলাদেশে গার্মেন্টস শিল্পের ব্যাপক প্রসার ঘটে।

‎‎তিনি অভিযোগ করেন, বর্তমানে দেশি-বিদেশি একটি চক্র বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করে এ শিল্পকে অন্য দেশে সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। বিভিন্ন প্রলোভন দেখিয়ে দেশের পোশাকশিল্পের মালিকদের প্রভাবিত করার চেষ্টা চলছে।

এ শিল্পকে বাঁচিয়ে রাখতে মালিক ও শ্রমিক উভয় পক্ষকেই সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে। কারণ গার্মেন্টস শিল্প ক্ষতিগ্রস্ত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন এ খাতের সঙ্গে জড়িত শ্রমিকরা।

‎‎এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, সদস্য শহীদুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এড. রাকিবুর রহমান সাগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন