শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:৫১, ৭ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও জনগণের প্রত্যাশিত পূর্ণাঙ্গ সংহতি অর্জিত হয়নি। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাকে তিনি বাংলাদেশের পূর্ণাঙ্গ সংহতি অর্জনের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে ঢাকার নয়াপল্টনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এড. এইচ এম আনোয়ার প্রধান বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন ভূখণ্ড অর্জন করেছিল। কিন্তু জনগণের আশা-প্রত্যাশার পূর্ণাঙ্গ বাস্তবায়ন তখনও হয়নি। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার যে বিপ্লব সংঘটিত হয়েছিল, তার মধ্য দিয়ে দেশের মানুষ নতুনভাবে সংহতির চেতনা লাভ করে।
তিনি বলেন, গত ১৭ বছর ধরে ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনা ও এর চেতনাকে ভুলিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য ও কর্মকাণ্ড চালানো হয়েছে। তবে ৫ আগস্ট ২০২৪-এর পর বাংলাদেশের মানুষ আবারও ৭ নভেম্বরের ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে নতুন করে অবগত হচ্ছে।
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। আজকের দিনে ৭ নভেম্বরের ঘটনায় যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন। বাংলাদেশের মানুষের জন্য যারা আত্মত্যাগ করেছেন, দেশ ও জাতি যতদিন থাকবে, ততদিন তারা স্মরণীয় হয়ে থাকবেন।
এড. আনোয়ার প্রধান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের যে চেতনা রয়েছে, সেই চেতনাকে ধারণ করে আগামী দিনে বাংলাদেশের জন্য ভালো কিছু করার প্রত্যাশা করি।
একই সঙ্গে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে যেন বাংলাদেশ পরিচালনা করা হয়।