শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৩৬, ৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪০, ৭ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। এ দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে ঢাকার নয়াপল্টনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত শোভাযাত্রায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এড. সাখাওয়াত হোসেন খান বলেন, দেশি-বিদেশি চক্রান্তের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশে কার্যত কোনো সরকার ছিল না। ওই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দী করে রাখা হয়েছিল।
তিনি বলেন, ৭ নভেম্বর সিপাহী-জনতা ভাই ভাই মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সংহত করেছিলেন। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ার পথ তৈরি করেছিলেন।
তিনি আরও বলেন, ৭ নভেম্বরের চেতনা ও ইতিহাস আগামী প্রজন্মের কাছে চিরস্মরণীয় করে রাখতে হবে। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে।