শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৪০, ৭ নভেম্বর ২০২৬
নতুন প্রজন্মকে বাংলাদেশের স্বাধীনতা ও পরবর্তী রাজনৈতিক ইতিহাস সঠিকভাবে জানতে বিভিন্ন লেখকের বই পড়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক ও বিবি মরিয়ম স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সদস্য মনিরুল ইসলাম সজল।
তিনি বলেছেন, “ইতিহাস বিকৃতির পথে পা দেবে না। তোমরা বই পড়বে, এ দেশের স্বাধীনতা ও বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক ইতিহাস সম্পর্কে বিভিন্ন মানুষের লেখা বই পড়বে। কোথায় কী ঘটেছিল, তা জানার চেষ্টা করবে। কারণ একটি সরকার দেশের ইতিহাসকে বিকৃত করেছে।”
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুলে বিবি মরিয়ম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সজল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন সৎ ও দেশপ্রেমিক নেতা। তাঁর সততা ও নৈতিকতার বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ব্যক্তিজীবনেও সততা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে হলে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে।
৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ১৯৭৫ সালের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টে গৃহবন্দী করা হয়েছিল। পরে ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি মুক্ত হন। এ ঘটনাকে কেন্দ্র করেই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে সজল বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের পর দেশের মানুষ যখন দিশাহারা হয়ে পড়েছিল, তখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন।
তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই থেমে থাকেননি, বরং রণাঙ্গনে যুদ্ধের নেতৃত্বও দিয়েছেন। এ সময় তাঁর স্ত্রী ও সন্তানরা চট্টগ্রাম ক্যান্টনমেন্টে অবস্থান করলেও তিনি পরিবারের চেয়ে দেশের স্বাধীনতাকে অগ্রাধিকার দিয়েছিলেন বলে মন্তব্য করেন সজল।
তিনি আরও বলেন, “আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় বলেন—সবার আগে বাংলাদেশ। পৃথিবীর যেসব দেশ উন্নতি করেছে, তারা নিজেদের দেশের আদর্শকে ধারণ করে এগিয়েছে। তোমাদেরও সবার আগে বাংলাদেশকে রাখতে হবে।”
নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উদ্দেশে সজল বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবে। প্রত্যেক ছেলে-মেয়েকে বলতে হবে—সবার আগে আমার বাংলাদেশ।
আমি দাসত্বের বন্ধনে আবদ্ধ হতে চাই না, আমি মুক্ত থাকতে চাই, আমার সিদ্ধান্ত আমি স্বাধীনভাবে নিতে চাই। আর স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হলে সবার আগে দেশকে ভালোবাসতে হবে।”
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করে আসছেন। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম ও কারাবরণ করেও দেশের স্বার্থে আপস করেননি বলেও মন্তব্য করেন তিনি।
সজল বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন হতে হবে। সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশকে এগিয়ে নিতে নিজেদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
বিবি মরিয়ম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবি মরিয়ম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি খুরশিদ আহমেদ তুনিম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিবি মরিয়ম স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো. খালিদুজ্জামান ভূঁইয়াসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।