নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

৭ নভেম্বরের চেতনা ও ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্যে মিল রয়েছে : আশা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:১৪, ৭ নভেম্বর ২০২৬

৭ নভেম্বরের চেতনা ও ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্যে মিল রয়েছে :  আশা

‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেছেন, ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতার সংহতি ও বিপ্লবের মধ্য দিয়ে একটি নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছিল।

এদিন কারাবন্দি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে দেশের রাজনৈতিক পরিবর্তন ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়।

‎‎তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সঙ্গে ৭ নভেম্বরের একটি অদ্ভুত মিল রয়েছে। নতুন প্রজন্মকে সামনে এগিয়ে যেতে হলে অতীতের ইতিহাসকে অস্বীকার করা যাবে না। অতীতের অভিজ্ঞতা ও ইতিহাস থেকে শিক্ষা নিয়েই নতুন বাংলাদেশ গড়তে হবে।

‎‎শনিবার (৭ নভেম্বর) বিকেলে ঢাকার নয়াপল্টনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত শোভাযাত্রায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অংশগ্রহণকালে তিনি এসব কথা বলেন।

‎‎আবুল কাউসার আশা আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা, গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সেনাবাহিনী একটি পরিবর্তনের পক্ষে একত্রিত হয়েছিল। একইভাবে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে আনেন।

‎‎তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সামরিক শক্তির মাধ্যমে ক্ষমতায় আসেননি; বরং জনগণের অংশগ্রহণ ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বদরবারে পরিচিত করেছিলেন।

‎‎আবুল কাউসার আশা বলেন, “৭ নভেম্বর ও ২০২৪ সালের গণঅভ্যুত্থান থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

সামনের দিনগুলোতে যেন আমরা গণতান্ত্রিক পন্থায় সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। যারা জনগণের পক্ষে এবং গণতন্ত্রকামী মানুষের পক্ষে আছেন, তাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা রাজনৈতিকভাবে এগিয়ে যাব।”

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন