শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:০২, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২৩:০৩, ১১ নভেম্বর ২০২৬
টার্গেট আগামী ডিসেম্বর। এই ডিসেম্বর মাসে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে পারেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে। আর এই গুঞ্জনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে জানা গেছে।
জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিলের খবর পাওয়া যাচ্ছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে দেশে ও বিদেশে আত্মগোপনে থাকা জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের কয়েকজন নেতা গোপনে দেশে ফিরতে শুরু করেছেন বলে নির্ভরযোগ্য সূত্র।
সূত্র জানায়, গত কয়েক মাসে বিদেশে অবস্থান করা আওয়ামী লীগের কয়েকজন নেতা ইতোমধ্যে গোপনে দেশে ফিরেছেন। তাদের কেউ কেউ বর্তমানে নারায়ণগঞ্জের বাইরে ঢাকাসহ বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। আরও বেশ কয়েকজন নেতা নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলেও সূত্রের দাবি।
তবে দেশে ফেরা নেতাদের সুনির্দিষ্ট সংখ্যা কিংবা তাদের নাম তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে নারায়ণগঞ্জের নেতাকর্মীদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে ভার্চুয়াল বৈঠক করা হচ্ছে বলে জানা গেছে। এসব বৈঠকে সাংগঠনিক পরিস্থিতি, কর্মীদের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপন এবং ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে আলোচনা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
ডিসেম্বরকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসতে পারে—এমন ধারণা থেকেই আত্মগোপনে থাকা নেতাদের কেউ কেউ দেশে ফেরার উদ্যোগ নিচ্ছেন। দেশে ফিরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং সাংগঠনিক কাঠামো পুনরায় সক্রিয় করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
নেতাদের দেশে ফেরার খবরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এক পক্ষ মনে করছে, দীর্ঘদিন পর নেতারা দেশে ফিরলে সংগঠনের নেতাকর্মীরা আবারও সক্রিয় হয়ে উঠবেন। অন্যদিকে, দীর্ঘদিন মাঠে কর্মীদের পাশে না থেকে হঠাৎ করে ফিরে এসে নেতৃত্ব নেওয়ার চেষ্টা করলে তৃণমূল পর্যায়ে ক্ষোভ তৈরি হতে পারে বলেও মনে করছেন অনেকে।
নাম প্রকাশ না করার শর্তে এক তৃণমূল কর্মী বলেন, “আমরা মাঠে ছিলাম, মামলা-হামলা সহ্য করেছি। এখন নেতারা বিদেশ থেকে এসে আবার নেতৃত্ব নিতে চাইলে কর্মীরা সেটা কীভাবে নেবে, সেটাই দেখার বিষয়।”
এদিকে আত্মগোপনে থাকা নেতাদের দেশে ফেরার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে বলে জানা গেছে। যেসব নেতার বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের ক্ষেত্রে গ্রেফতারসহ আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলেও সূত্রের দাবি।
নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজারসহ জেলার বিভিন্ন এলাকায় নেতাদের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। চায়ের দোকান থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের আড্ডা—সবখানেই এখন আলোচনার কেন্দ্রে ডিসেম্বর।
রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, ডিসেম্বর যত ঘনিয়ে আসবে, আত্মগোপনে থাকা নেতাদের দেশে ফেরার সংখ্যাও তত বাড়তে পারে। তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি এবং আত্মগোপনে থাকা নেতাদের প্রত্যাবর্তনের খবর এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।