শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৩:৪৬, ১২ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের একটি পারিবারিক অনুষ্ঠানের ভিডিওকে কেন্দ্র করে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন।
এক বিবৃতিতে আবুল হোসেন রিপন বলেন, মনিরুল ইসলাম সজল রাজপথের একজন পরীক্ষিত নেতা। দীর্ঘ সাড়ে ১৫ বছর ধরে তিনি নিজের জীবন বাজি রেখে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
তিনি বলেন, ১১নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক পথচলা শুরু করে মনিরুল ইসলাম সজল মহানগর ছাত্রদলের আহ্বায়ক, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, মহানগর যুবদলের সদস্য সচিব এবং বর্তমানে মহানগর যুবদলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
আবুল হোসেন রিপন আরও বলেন, একটি পারিবারিক সামাজিক অনুষ্ঠানের ভিডিওকে কেন্দ্র করে মনিরুল ইসলাম সজলকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘মনিরুল ইসলাম সজলকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালিয়ে কোনো পক্ষই সফল হতে পারবে না। রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রত্যাখ্যান করবে।’