শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:২৮, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৩০, ১৩ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নিজের নামে অশ্লীল ও অসামাজিক একটি ভিডিওকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমান।
তবে ভাইরাল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি, নাকি তাঁর ব্যক্তিগত কোনো ভিডিও এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেননি তিনি। বরং সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন শেষ করেন এই নেতা। যার ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যায়।
তবে সংবাদ সম্মেলনে কোনো প্রশ্নের উত্তর না দিলেও সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের উদ্দেশে মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, “আপনারা লিখে দেন, কাল আমার বিয়ে!” তার এ বক্তব্য উপস্থিত সাংবাদিকদের মধ্যে বেশ আলোচনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়।
পরে এ বিষয়ে জানতে মাওলানা ফেরদাউসুরকে ফোন দিলে তিনি বলেন, সাংবাদিকরা আমার খুব কাছের মানুষ এর জন্য দুষ্টামি করে বলছি। আমি দুষ্টামি করি তাদের সাথে আবার ওরাও দুষ্টামি করে আমার সাথে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, গত ১১ নভেম্বর রাত আনুমানিক ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে কেন্দ্র করে একটি অশ্লীল ও অসামাজিক ভিডিও ছড়িয়ে পড়ে। ঘটনার সময় তিনি ঢাকার বাইরে থাকায় একদিন পর এ বিষয়ে প্রতিবাদ জানান।
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে ভিডিওটি ছড়িয়ে দিয়েছে। বিভিন্ন সময় একটি বিশেষ মহল তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালিয়ে আসছে বলেও দাবি করেন তিনি।
মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে তাকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলে অংশ নিতে হয়। সেখানে বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ হয়ে থাকে। এসব বিষয়কে পুঁজি করে তার সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, তিনি কোনো অপরাধে জড়িত থাকলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল।
নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে মাওলানা ফেরদাউসুর রহমান দাবি করেন, ছাত্ররাজনীতি থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সামনের সারিতে থেকে ভূমিকা রেখেছেন। বিগত সময়ে তার বিরুদ্ধে ৪৬টি মামলা, জেল-জুলুম, নির্যাতন এবং দীর্ঘদিন পলাতক জীবন কাটাতে হয়েছে বলেও দাবি করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচার দ্রুত নিয়ন্ত্রণে আনতে সরকারের প্রতি আহ্বান জানান মাওলানা ফেরদাউসুর রহমান। তিনি বলেন, এসব ঘটনার দ্রুত প্রতিকার প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে কেউ নিরাপদ থাকবে না।
সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।