নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

ভিডিও ফাঁসে ভাইরাল ফেরদাউসুরের কাছে রাজিবের চাঁদা দাবি, মারধরের অভিযোগ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৫৪, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:০৩, ১৭ নভেম্বর ২০২৬

ভিডিও ফাঁসে ভাইরাল ফেরদাউসুরের কাছে রাজিবের চাঁদা দাবি, মারধরের অভিযোগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমানের ছোট ভাই খ্যাত জমিয়ত নেতা  মাওলানা ফেরদাউসুর রহমানের এক নারীসহ ভিডিও ভাইরালের পর এবার তার কাছে চাঁদা দাবি, চাঁদা না পেয়ে তাকে মারধর করাসহ পাঞ্জাবি ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। 

জমিয়ত নেতা  মাওলানা ফেরদাউসুর রহমানের দাবি, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম রাজিবের নির্দেশে ‌ছাত্রদলকর্মী অনিক তার চাঁদা দাবি কবে। 

তাকে ফোন করে ডেকে নিয়ে অনিক, তোফায়েলসহ ২০-২৫ জন এসে এ হামলা চালায়। এরা মূলত আজিজুল ইসলাম রাজীবের নির্দেশনায় পরিকল্পিতভাবে হামলা করেছে।’

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের জামতলা হিরা কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদলের নেতারা।

এদিকে  এক নারীসহ ফেরদাউসুর রহমানের ভিডিও ভাইরালের রেশ না শেষ হতেই তার কাছে চাঁদা দাবি, মারধর ও  পাঞ্জাবি ছিঁড়ে ফেলার অভিযোগটি রাজনৈতিক অঙ্গনকে বেশ সমালোচনায় ফেলছে। 

অপরদিকে রাজনৈতিক সমালোচকরা বলছেন, চাঁদা দাবি ও মারধর করে পাঞ্জাবি ছিঁড়ে ফেলার অভিযোগটি বিএনপির শীর্ষ পর্যায়ে খতিয়ে দেখা উচিত। এর সত্যতা মিললে দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হউক।

সেই সাথে বিষয়টির সত্যতা না মিললে নারায়ণগঞ্জের রাজনীতিতে কোনো অশুভ ছায়া বিরাজ করছে কিনা সে বিষয়ে সতর্ক হতে হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের সাথে এর কোনো যোগসুত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। 

স্থানীয়রা জানান, সকালে শহরের জামতলা হিরা কমিউনিটি সেন্টারের সামনে আসেন মাওলানা ফেরদাউসুর রহমান। এসময় কয়েকজন এসে ফেরদাউসুর রহমানকে কর্নারে ডেকে নিয়ে যান। এসময় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ফেরদাউসুর রহমানকে মারধর করাসহ তার পাঞ্জাবি ধরে টান দিলে পাঞ্জাবি ছিঁড়ে যায়। পরবর্তী সময়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যান। তবে তারা কাউকে চিনতে পারেন নি। 

এ বিষয়ে জেলা জমিয়তের আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, ‌ছাত্রদলকর্মী অনিক, তোফায়েলসহ ২০-২৫ জন এসে আমার ওপর হামলা করে। এরা মূলত আজিজুল ইসলাম রাজীবের নির্দেশনায় পরিকল্পিতভাবে হামলা করেছে।

জেলা পরিষদের একটি জায়গা লিজ নিয়ে সেখানে নির্মাণকাজ শুরু করার পর কয়েকজন তার কাছে চাঁদা দাবি করেন। একই সঙ্গে মার্কেটের অর্ধেক অংশও দাবি করা হয়। বিষয়টি নিয়ে শরিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করে একপর্যায়ে সমাধান হলেও পরবর্তী সময়ে বিভিন্ন অজুহাতে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়।

তিনি বলেন, আজ ছাত্রদলের অনিক আমাকে ফোন করে বলে, একটু কথা আছে। এরপর সেখানে গেলে আমার ওপর হামলা চালানো হয়। আমি শরিক দল করি, কাউকে চাঁদা দেব না। তারা আমাকে শারীরিকভাবে হেনস্তা করেছে এবং জামাকাপড় ছিঁড়ে ফেলেছে।

তিনি আরও অভিযোগ করেন, গত পরশু এ বিষয়ে ছাত্রদল নেতা আজিজুল ইসলাম রাজীবের সঙ্গে তার কথা হয়েছিল। রাজীব বিষয়টি মীমাংসা করে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম রাজীব বলেন, ওনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। তার সঙ্গে চাঁদা বা মার্কেটের বিষয়ে কখনো কোনো কথা হয়নি। কেন উনি আমার নাম বলছেন বা কার প্ররোচনায় বলছেন, তা তিনি বলতে পারবেন।

এ ঘটনায় আইনের আশ্রয় নেওয়ার কথা জানিয়ে মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, হামলা ও চাঁদা দাবির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করবেন তিনি।

নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন