নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

এবার শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৪১, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৫৭, ১৮ নভেম্বর ২০২৬

এবার শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জে একরাতে পৃথক তিনটি স্থনে পার্কিং করে রাখা পাঁচটি গণপরিবহন ও একটি ট্রেনের বগিতে অগ্নিসংযোগের ঘটনার পর এবার নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

লকডাউন ইস্যুকে কেন্দ্র করে বুধবার (১৮ নভেম্বর) রাতে ছাত্রদল নেতা রিফাতের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা এ অগ্নিসংযোগ করে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে ছাত্রদল নেতা রিফাতের নেতৃত্বে একদল নেতাকর্মী শামীম ওসমানের জামতলার বাড়িতে জড়ো হয়ে এই হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটায়। অগ্নিসংযোগের সময় উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

বিশেষ করে ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’ এ ধরনের স্লোগান দিয়ে তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে এলাকায় মহড়া দেন।

মহল্লার নৈশপ্রহরী মো. হারুন অর রশিদ বলেন, ১৫ থেকে ২০ জনের একটি দল মিছিল নিয়ে এসে বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। মিছিল থেকে শামীম ওসমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। তাঁদের কয়েকজনের হাতে জ্বলন্ত মশাল ছিল।  

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, জামতলায় সাবেক এমপির বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি আমরা জেনেছি। খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে আমাদের পুলিশের ফোর্স পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকেলে জামতলা এলাকায় শামীম ওসমানের ডুপ্লেক্স বাড়ি এবং উত্তর চাষাঢ়া এলাকায় তাঁর ভাই সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের তিনতলা বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

ওই দিন এই দুই রাজনৈতিক নেতার বাড়ি ছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুর করা হয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন