শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৬:১৫, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:১৯, ১৯ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল। তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।”
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে মদনপুরে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি এবং কথিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বন্দর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, স্বাধীনতার সময় আওয়ামী লীগের নেতারা পালিয়ে গিয়েছিলেন বলে তিনি মনে করেন। একইভাবে গত বছরও দেশের ওপর একটি দুঃশাসন প্রতিষ্ঠা করা হয়েছিল।
সেই শাসনের ফলে দেশের মানুষ দীর্ঘদিন ভোগান্তির শিকার হয়েছে এবং এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ব্যাপক গণআন্দোলন গড়ে ওঠে।
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনাসহ তার সরকারের সাবেক মন্ত্রী ও নেতারা বর্তমানে বিদেশে অবস্থান করে দেশে থাকা কিছু ব্যক্তিকে ব্যবহার করে দেশের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
তবে অতীতেও এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করা হলেও দেশের মানুষ তাতে সাড়া দেয়নি বলে মন্তব্য করেন তিনি।
সাখাওয়াত বলেন, “বাংলাদেশের মানুষ তাদের কোনোভাবেই জায়গা দেবে না। নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনতে হবে।”
এ সময় তিনি বন্দর উপজেলা বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদেরও সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিদেশে অবস্থানরত নেতাদের কর্মকাণ্ডের কারণে দেশে থাকা সাধারণ নেতাকর্মীরা বিপদের মুখে পড়ছেন।
বিভিন্ন স্থানে গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে সাখাওয়াত বলেন, “আমরা চাই এই দেশ শান্ত থাকুক, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক।
সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং ব্যবসা-বাণিজ্য করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ মহানগরসহ বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে না দেয়, সে জন্য সতর্ক অবস্থানে রয়েছেন। জনগণ বিএনপির পাশে রয়েছে দাবি করে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এসময়ে আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ লিটন, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য অদুদ সাগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।