শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৭:৪০, ২১ নভেম্বর ২০২৬
ক্যানসারে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান। তাঁর ক্যানসার চতুর্থ বা শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে নিজের শারীরিক এই অসুস্থতার কথা নিজ মুখেই জানান বিদেশে পলাতক শামীম ওসমান।
টকশোতে শামীম ওসমান বলেন, আমি অসুস্থ, ক্যানসার হয়েছে। আমার ক্যানসার বলা হচ্ছে ফোর্থ স্টেজ। কয়দিন বাঁচব, আমি জানি না। তবে আমার আল্লাহর ওপর বিশ্বাস আছে, আমি বাঁচব।
তার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শুনে অনেকে খুশি হতে পারেন বলে মনে করেন শামীম ওসমান। তবে এ নিয়ে তাদের খুশি না হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অতীতে নিজের ওপর একাধিকবার হামলা ও হত্যাচেষ্টার কথাও উল্লেখ করেন।
এ ছাড়াও টকশোতে নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর কারাভোগ, আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা এবং বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে নানা মন্তব্য করেছেন তিনি।
সাবেক মেয়র সেলিনা আইভীর প্রসঙ্গ টেনে শামীম ওসমান বলেন, আইভী জামায়াতের বিরুদ্ধে কথা না বলেও কারাভোগ করেছেন। মেয়র হওয়ার পর তিনি নিজেকে সবার মেয়র হিসেবে পরিচয় দিয়েছিলেন। বিএনপি কিংবা জামায়াতের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য না দিলেও তাকে নয় মাস কারাগারে থাকতে হয়েছে।
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতার প্রসঙ্গে শামীম ওসমান বলেন, একসময় নারায়ণগঞ্জ আওয়ামী লীগ গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্ত, কোটাভিত্তিক রাজনীতি ও পকেট কমিটির কারণে দলটি দুর্বল হয়ে পড়েছে। কেন্দ্রের ভুলের পাশাপাশি বিভাজনের রাজনীতিও দলকে ক্ষতিগ্রস্ত করেছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে।
এদিকে বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন শামীম ওসমান। আগামী ডিসেম্বরের মধ্যে বিএনপিকে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
নিজের বাসায় আগুন দেওয়ার ঘটনার কথাও তুলে ধরেন তিনি। বাসায় আগুন দেওয়ার ঘটনায় ক্ষয়ক্ষতির কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন দেশ থেকে পালিয়ে যাওয়া শামিম ওসমান।
এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন শামীম ওসমান। তিনি বলেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে শেখ হাসিনার দেশে ফেরার ঘটনা দেখে কৃতজ্ঞ থাকবেন। আর যদি বেঁচে না থাকি, তাহলে সেই আফসোস থেকে যাবে।
২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেন শামীম ওসমান। পরে গোপনে পালিয়ে যান দেশের বাইরে। তার বিরুদ্ধে বর্তমানে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার পাশাপাশি বিভিন্ন মামলার বিচার চলছে।