শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:২৩, ২৬ অক্টোবর ২০২৬
৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে (ফ্রিতে) ফুটবল প্রশিক্ষণের সুযোগ করে দিয়ে তৃণমূল পর্যায়ে ফুটবলার তৈরিতে কাজ করে যাচ্ছে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া ফুটবল একাডেমি।
আর শিশু-কিশোরের ফুটবলার হওয়ার স্বপ্ন বাস্তবায়নে প্রশিক্ষকের ভূমিকায় নিরলস চেষ্টা করে যাচ্ছেন প্রশিক্ষক (কোচ) সোহরাব উদ্দিন সিকদার।
নিজের খেলোয়াড় হওয়ার স্বপ্নটি অপূর্ণ থাকলেও নতুন প্রজন্মের ফুটবলার তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সোহরাব উদ্দিন সিকদার।
ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ভালোবাসা ছিলো সোহরাব উদ্দিন সিকদারের। জালকুড়ি হাইস্কুল এন্ড কলেজ মাঠে মাত্র কয়েকজন শিশুকে নিয়ে সোহরাব উদ্দিন সিকদারের ফুটবল প্রশিক্ষণের যাত্রা শুরু হয়। বর্তমানে তাঁর অধীনে প্রায় ৪০ জন শিশু-কিশোর নিয়মিত ফুটবল প্রশিক্ষণ নিচ্ছে।
প্রশিক্ষণ নিতে আসা ৭ম শ্রেনির ছাত্র মাহিম বলেন, এখানে এসে আমি অনেক কিছু শিখেছি। আগে শুধু খেলতাম, এখন নিয়ম মেনে অনুশীলন করি। ভবিষ্যতে বড় কোনো প্রতিযোগিতায় খেলতে চাই।
এ বিষয়ে সোহরাব উদ্দিন সিকদার বলেন, ‘আমি হয়তো খেলোয়াড় হিসেবে অনেক দূর যেতে পারিনি। কিন্তু আমার শিক্ষার্থীদের কেউ যদি কোনদিন জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামে, সেটিই হবে আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।