শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৫৯, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:০০, ১৩ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল “আজকের এই নতুন প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মকে মাঠে ফিরিয়ে আনতে হবে। সমাজে মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পাড়া-মহল্লায় বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে।”
কিল্লারপুলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ডার্কস সুপার প্রিমিয়ার লিগ সিজন-৭-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে শহরের কিল্লারপুলস্থ বিবি মরিয়মের সমাধি মাঠে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সজল বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বছর থেকে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছেন। এর ফলে দেশে আরও বেশি ক্রীড়াবিদ তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হবে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্ম নিজেদের যোগ্যতা বিকাশের পাশাপাশি সুন্দর সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
সজল আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সমাজের সব ধরনের মাদকবিরোধী কর্মকাণ্ডে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। কারণ, তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য সাইফুল ইসলাম আপন, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, যুবদল নেতা শেখ আব্দুল হালিম, রেজাউল করিম রেজা, নাছের হক ইমন, মো. রতন প্রমুখ।