নারায়ণগঞ্জ  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণে না’গঞ্জের খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : এড. সাখাওয়াত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:২৯, ৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৩১, ৫ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণে না’গঞ্জের খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : এড. সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা থেকে ২ হাজার ২২৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে। বাছাই পর্ব শেষে যোগ্য খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে। তাদের আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার প্রত্যাশা রয়েছে।

‎‎বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎‎এ উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষ থেকে সরাসরি অনলাইনে যুক্ত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান। অনুষ্ঠান শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎‎এড. সাখাওয়াত হোসেন খান বলেন, ‘নতুন কুঁড়ি সিজন-২’ উদ্বোধন উপলক্ষে আজ নারায়ণগঞ্জে সর্বস্তরের ব্যক্তিবর্গ, সুধীজন ও জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সবাই উপভোগ করেছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ইতোমধ্যে ২ হাজার ২২৭ জন খেলোয়াড় এই আয়োজনে অংশগ্রহণ করেছে।

‎‎তিনি বলেন, বিভিন্ন স্থানে আগামী ১০ দিনের মধ্যে বাছাই পর্ব সম্পন্ন করা হবে। ইতোমধ্যে ছয়টি স্থানে বাছাই পর্ব শেষ হয়েছে এবং আরও চারটি স্থানে বাছাই কার্যক্রম চলছে। বাছাই পর্ব শেষে যারা চূড়ান্ত পর্যায়ে বিজয়ী হবে, তারা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে।

‎সিটি প্রশাসক আরও বলেন, নারায়ণগঞ্জ একটি ক্রীড়াপ্রেমী জনপদ। এখানকার মানুষ খেলাধুলাকে ভালোবাসে। নারায়ণগঞ্জ থেকে অনেক জাতীয় পর্যায়ের খেলোয়াড় উঠে এসে দেশের নাম উজ্জ্বল করেছেন। আজকের অনুষ্ঠানেও বেশ কয়েকজন জাতীয় পর্যায়ের খেলোয়াড় উপস্থিত ছিলেন।

‎‎তিনি বলেন, প্রধানমন্ত্রী যে প্রত্যাশা নিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন করেছেন, সেই প্রত্যাশা পূরণে নারায়ণগঞ্জের খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।

‎‎এড. সাখাওয়াত হোসেন খান বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এ অংশগ্রহণকারী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার ২ হাজার ২২৭ জন খেলোয়াড়কে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

আমরা আশা করি, তাদের মধ্য থেকে যোগ্য খেলোয়াড় তৈরি হবে এবং তারা ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে।’

‎‎‎এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুব উল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, সাম্যবাদী দলের কেন্দ্রীয় সভাপতি কমরেড সাইদ আহমেদ,জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবির, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি,সাবেক কাউন্সিলর শওকত হোসেন শকু, মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর খান চঞ্চল, মহানগর মহিলাদের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, জেলা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজনসহ রাজনৈতিক, ক্রীড়া ব্যক্তিবর্গ ও খেলোয়াড়বৃন্দ।‎
‎

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন