নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জের ফুটবলকে পুনর্জাগরণে কাজ করছি : রেজা রিপন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:০৪, ২৩ মে ২০২৬

নারায়ণগঞ্জের ফুটবলকে পুনর্জাগরণে কাজ করছি : রেজা রিপন

নারায়ণগঞ্জের ফুটবলকে আবারও জাগিয়ে তুলতে কাজ করছে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি। আগামী বছর আরও বৃহৎ পরিসরে বড় দলগুলোকে নিয়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। ‎‎শনিবার (২৩ মে) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর পৌর ওসমানী স্টেডিয়ামে অনুষ্ঠিত “দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”-এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎‎রেজা রিপন বলেন, “ছোটবেলায় দেখেছি ফুটবল নিয়ে মানুষের ব্যাপক উন্মাদনা ছিল। কিন্তু সময়ের সঙ্গে ক্রিকেটের জনপ্রিয়তার কারণে ফুটবল কিছুটা আড়ালে চলে গেছে। আমরা চাই নারায়ণগঞ্জে ফুটবলের নতুন জাগরণ সৃষ্টি হোক। আবারও মুন্না, চুন্নু ও এমিলি ভাইদের সময়ের মতো ফুটবলের সোনালি দিন ফিরে আসুক।”

‎‎তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনে ফুটবলের যে দৈন্যদশা চলছে, তা কাটিয়ে ওঠার লক্ষ্যেই নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তিনবারের প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এই টুর্নামেন্টে নারায়ণগঞ্জের প্রথম বিভাগের ১৬টি দল অংশগ্রহণ করছে।

‎‎তিনি জানান, শুধু একটি টুর্নামেন্ট আয়োজনেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতেও ফুটবলকে ঘিরে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময় ফুটবলপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদ্দীপনার জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

‎এদিকে, টুর্নামেন্ট আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন। এ প্রসঙ্গে রেজা রিপন বলেন, “এ ধরনের বড় আয়োজন সফল করতে পৃষ্ঠপোষকতার প্রয়োজন হয়। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। এজন্য আমি ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিবকে নারায়ণগঞ্জের সকল ফুটবলপ্রেমীদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

‎‎নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, প্রধান বক্তা হিসেবে ছিলেন, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। 
‎

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন