শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৪৪, ২২ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, খেলাধুলার মাধ্যমে সমাজকে মাদকমুক্ত করতে হবে। নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সন্তানদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করে দেশের জন্য ভালো কিছু করার সুযোগ তৈরি করতে হবে।
শনিবার (২২ আগস্ট) বিকেল ৪টায় সিদ্ধিরগঞ্জ ৩ নম্বর ওয়ার্ডের জমজম অ্যাপোলো খেলার মাঠে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মনিরুল ইসলাম সজল বলেন, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব নারায়ণগঞ্জে খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের পাশে থাকেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন।
আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে তিনি বলেন, মরহুম আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়া সংগঠক। তিনি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন এবং দেশের বিভিন্ন স্টেডিয়াম ও ক্রীড়াঙ্গনের বিকাশে তার অবদান রয়েছে।
রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থেকেও তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। ওয়ান-ইলেভেনের সময় তাকে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়। কারাগারে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে বিদেশে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি আরও বলেন, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের রাকিবুল ইসলাম রাকিব সব সময় মানুষের ভালো-মন্দে পাশে থাকার চেষ্টা করছেন। আগামী দিনেও খেলাধুলার মাধ্যমে সমাজকে ভালো কিছু দেওয়ার উদ্যোগ অব্যাহত রাখতে হবে। কারণ বর্তমানে সমাজে মাদকের ব্যাপকতা রয়েছে। আমাদের সন্তান, ভাই ও পরিবারের সদস্যরা যাতে মাদকের সংস্পর্শে না আসে, সে জন্য সবাইকে সচেতন হতে হবে।
স্থানীয়ভাবে একটি খেলার মাঠের দাবির প্রসঙ্গে সজল বলেন, যেহেতু এলাকাটি সিটি করপোরেশনের আওতাধীন, তাই খালি জায়গা খুঁজে বের করে মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট ব্যক্তি এবং দলীয় সংসদ সদস্য ও মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে মাঠের ব্যবস্থা করার চেষ্টা করা হবে।
তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান খেলাধুলাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে বেড়ে উঠতে পারে।
খেলাধুলার মাধ্যমে দেশের সম্মান বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এটিকে ভবিষ্যতে পেশা হিসেবেও গ্রহণ করার সুযোগ তৈরি হবে।
মনিরুল ইসলাম সজল বলেন, সুন্দর ভবিষ্যৎ ও নতুন প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে সমাজের মানুষ মাদকমুক্ত হবে, তরুণরা ভালো কাজে সম্পৃক্ত হবে এবং পরিবার ও দেশের কল্যাণে ভূমিকা রাখবে।
সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা শওকত আলী রিয়েলের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাবেক সহ- সভাপতি সিফাতুর রহমান রাজু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ,জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোশারফ হোসেন মশু, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মারুফ, সানারপাড় বর্ণালী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মুন্না, ৩নং ওয়ার্ড রসুলবাগ উন্নয়ন কমিটির সভাপতি হাজী রিয়াজ উদ্দিন মনির, রসুলবাগের বিশিষ্ট সমাজসেবক গিয়াস উদ্দিন, জসিম উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সদস্য সচিব সোহেল রহমান, ঢাকা বিশ্ববিদ্যাল ছাত্রদলের সহ- সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক মো. হাবিব প্রমুখ।